কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারসহ একাধিক বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামাসহ মোট ২ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেওয়ার পর স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে। দুপুরে উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি থেকে অভিযুক্ত যুবক মহসিনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে আছাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে অগ্নিসংযোগ এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা ও ভাঙচুর চালায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ঘরেও। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে আছাদপুর ও আশপাশের গ্রামগুলো প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। চারপাশে ছড়িয়ে আছে পুড়ে যাওয়া মাজার ও ঘরের ধ্বংসাবশেষ।
অভিযুক্ত মহসিনের মা মিনুয়ারা বেগম অভিযোগ করে বলেন, ‘ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তারপরও আমাদের মাজার ও ঘরে আগুন দেওয়া হয়েছে। এক কাপড়ে বের হয়ে জীবন বাঁচিয়েছি। টাকা-পয়সা, স্বর্ণালংকার কিছুই আনতে পারিনি।’
হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।



