বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ইস্যু নিয়ে বিভিন্ন মহল আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। তবে গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী সমাধান নয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে কেউ পিআর চাইতেই পারে। তবে এটিকে বাধ্যতামূলক মনে করা বা চাপিয়ে দেওয়া গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চাপিয়ে দেওয়ার চেষ্টা স্বৈরাচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে। এতে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি আড়ালে দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।



