tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশকুবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

কুবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের একটি লোকাল বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগী ছাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন, যার ফলে রাস্তার দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, আটক দু’জনের একজন মো. আলী হোসেন, যার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায় এবং অন্যজন মোহাম্মদ আলী, যিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

জানা যায়, শিক্ষার্থীটি আলেখারচর থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বাসটিতে ওঠেন। সে সময় বাসে কোনো যাত্রী না থাকায়, পদুয়ার বাজার বিশ্বরোডের দিকে যাওয়ার পথে বাসের হেলপারসহ আরও তিনজন তার হাত-পা বেঁধে গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে একজন নারীকে ছিটকে পড়ে যেতে দেখে স্থানীয়রা বাসটিকে থামান এবং অভিযুক্ত পাঁচজনের মধ্যে দুইজনকে আটক করেন। পরে শিক্ষার্থীরা এসে তাদের মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা অভিযুক্তদের ক্যাম্পাসে নিয়ে বিচার করার দাবি জানান, এ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও হয়।

পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে বিকাল ৫টা পর্যন্ত যানজটের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, ঘটনার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আসামিরা অভিযোগ স্বীকার করে স্বাক্ষর দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, “আটক দুই আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলবে। ভিকটিমের ক্ষতিপূরণ আটক বাস মালিকদের কাছ থেকে আদায় করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “এই মামলা জামিন অযোগ্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিতভাবে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”