নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এবার অংশ নিচ্ছে কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসরে। ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে।
এই উৎসবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের পাশাপাশি প্রদর্শিত হবে বাংলাদেশের ‘নয়া মানুষ’। আ. মা. ম. হাসানুজ্জমানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে নির্মিত ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমি হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।
ছবিটির পরিচালক সোহেল রানা বয়াতি বলেন,
“আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে—এটা আমার জন্য এক বড় আনন্দের বিষয়। এই ফেস্টিভ্যালে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে এটি অংশ নিচ্ছে। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নেবে।”



