tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিকাল ময়মনসিংহে, বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান

কাল ময়মনসিংহে, বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে রাজশাহী সফরেরও কর্মসূচি রয়েছে।

শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্তের কথা জানান তারেক রহমান।

তার আগমনকে ঘিরে রোববার বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। এতে বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থী ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুসহ নেতারা জনসভাস্থল সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন।

এদিকে রাজশাহী সফরের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। রোববার সকাল থেকে মাদ্রাসা মাঠে সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সমাবেশকে ঘিরে নগরীতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি মাদ্রাসা মাঠের সমাবেশস্থলে যাবেন তিনি। রাজশাহীর সমাবেশ শেষে সড়কপথে নওগাঁ যাবেন এবং সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। এরপর বগুড়ায় গিয়ে রাতেই আরেকটি নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয় আসনের দলীয় প্রার্থীদের পাশাপাশি বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশ নেন।

বরিশালে তারেক রহমানের জনসভার তারিখ আবার পরিবর্তন

বরিশাল ব্যুরো জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল বেলস পার্কে জনসভার নির্ধারিত তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। একাধিকবার সময়সূচি বদল হওয়ায় জনসভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও বিএনপি নেতারা জানিয়েছেন, সিডিউল জটিলতার কারণেই তারিখ পরিবর্তন করা হয়েছে। বরিশাল সফর বাতিল হয়নি; নতুন তারিখ পরে কেন্দ্র থেকে জানানো হবে। এর আগে জনসভার দিন প্রথমে ২৬ জানুয়ারি এবং পরে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, “তারেক রহমান বর্তমানে সারা দেশে ধারাবাহিকভাবে জনসভা করছেন। ফলে সিডিউল সমন্বয় করা কঠিন হয়ে পড়ছে।”