প্রথম নিউজ২৪, নেত্রকোণা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থদের চোখের আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন।
এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১১ আগস্ট) ষষ্ঠ ধাপে আরও ৪৭ জনের চোখের অপারেশন হয়েছে। এর মধ্যে ২৩ জন নারী ও ২৪ জন পুরুষ। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে এ অপারেশনগুলো করা হয়।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ এখানে চোখের আলো ফিরে পাচ্ছেন। শুধু অপারেশনই নয়, রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া ও ওষুধের সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে। স্থানীয় বিএনপির স্বেচ্ছাসেবকেরা রোগীদের হাসপাতাল পর্যন্ত নিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন সাধারণ রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তত করা হয়। ওই তালিকা ধরেই ষষ্ঠ ধাপের যাত্রা শুরু হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী-পুরুষকে পাঠানো হয় ময়মনসিংহে।
চোখ অপারেশন করে আসা দুলাল বলেন, ‘দেখতে না পাওয়া যে কি কষ্ট, একমাত্র যার চোখে আলো নাই তারাই জানে। আমার দুটি চোখই ছানি পড়ে নস্ট হওয়ার পথে ছিল। ব্যারিস্টার সাহেব চক্ষু ক্যাম্প করার পর, অপারেশনের তালিকায় আমার নাম লিখাইছি। পরে আইজ ডাক্তাররা এক চোখ অপারেশন করে দিছে। মরার আগের দিন পর্যন্ত কায়সার সাহেবের দোয়া করমু আমরা। ’



