ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বুধবার (১৯ আগস্ট) কলকাতার একটি হোটেলে ভয়াবহ আগুনে সাত বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর থেকেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবার-স্বজনদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
সীমান্ত দিয়ে দেশে ফিরল ছয় মরদেহ
সাতক্ষীরার এসএম আলীমুজ্জামানের মরদেহ শনিবার সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তাঁর পরিবারের সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার বিকেলে দেশে আনা হয়। একই সীমান্ত দিয়ে ঢাকার আমিনবাজারের বাসিন্দা বাবু আহমেদের মরদেহও দেশে ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
কলকাতাতেই সৎকার সপ্তম বাংলাদেশির
নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ তাঁর পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতাতেই সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতার এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।



