tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরায়েলের নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে বিচারাধীন। ২০২৬/১০৮ নম্বর এ মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও রয়েছেন।

তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

গুরলেক বলেন, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে।

তুরস্কের তদন্তে ফ্লোটিলা জব্দ এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী বলেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে তুরস্ক এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: সামা টিভি