tanaka
প্রচ্ছদপরবাসমালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৬টি বাণিজ্যিক ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মোট ৮৩১ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, প্রয়োজনীয় বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান এবং কর্মানুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তিনি জানান, অভিযানে কর্মক্ষেত্রসংক্রান্ত বেশ কিছু অনিয়মও শনাক্ত হয়েছে। এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় চাকরি করার বিষয়টিও রয়েছে।

আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী। বাংলাদেশিদের পাশাপাশি নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরাও রয়েছেন। অভিযান পরিচালনায় অভিবাসন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থার ২৫৪ জন সদস্য অংশ নেন।

এদিকে অভিযানের অংশ হিসেবে কোম্পানি কমিশন ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। পাশাপাশি আরও পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তলব নোটিশ জারি করা হয়েছে। আটক বিদেশি নাগরিকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩৪টি কারখানায় পৃথক অভিযান চালানো হয়। ওই অভিযানে আরও ৫১৯ জন অভিবাসীকে আটক করে কর্তৃপক্ষ।