চট্টগ্রামের কর্ণফুলীতে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ির অন্য কক্ষে গুরুতর আহত অবস্থায় স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে চরপাথরঘাটা উপজেলার ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের হাজি আর্বান আলী সড়কে এ ঘটনা ঘটে। নিহত রেশমা আক্তার (১৯) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার মো. ইউসুফের মেয়ে। আহত স্বামী ইব্রাহীম (২০) এবং তাদের সংসারে আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ইব্রাহীমের বাড়ি সিলেটে।
পরিবারের সদস্যরা জানান, রেশমা ও ইব্রাহীম এক বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন। এরপর আলাদা বসবাস করছিলেন। গত ২০ আগস্ট তারা কর্ণফুলী উপজেলায় রেশমার ফুফু পেয়ারি বেগমের বাসায় বেড়াতে আসেন এবং একই বাড়ির একটি কক্ষে থাকেন।
আজ সন্ধ্যায় পেয়ারি বেগম ও তাঁর স্বামী চাকরি থেকে ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে এক কক্ষে রেশমার গলাকাটা লাশ এবং আরেক কক্ষে ঝুলন্ত অবস্থায় ইব্রাহীমকে দেখতে পান।
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গুরুতর অবস্থায় ইব্রাহীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বলেন, “ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”



