বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)’ এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণের পর একটি র্যালি শেরেবাংলা নগর থেকে বিজয় সরণি পর্যন্ত প্রদক্ষিণ করে, যার নেতৃত্ব দেন ডি-ফ্যাব আহ্বায়ক আসাদুল্লাহ মিয়া, সদস্য সচিব নাজমুল হুদা এবং উপদেষ্টা আতিকুর রহমান রুমন।
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেবল দলের নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেরও নেতা। আমি আগেও বলেছি—কয়েক সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে গণতন্ত্রের চূড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দেবেন।”
দেশে সহিংসতা ও নাশকতা সৃষ্টির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “স্বৈরাচারের দোসর কারা ছিল, তা ’৮৬ সালেও দেখেছেন, এখনো দেখছেন। সাংবাদিক ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানাই—কারণ, জনগণ এখন বুঝতে পারছে কারা আসল স্বৈরাচারের সহযোগী।”
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যাওয়া বিএনপিসহ তিনটি দলের নেতাদের যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হেনস্তার প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনীতি কখনও জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসা ও দমননীতি বিশ্বাস করে, দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে। তবে জনগণ জানে কাকে কিভাবে প্রত্যাখ্যান করতে হয়।”



