কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প শুক্রবার সম্পন্ন হয়েছে। কড়াইল মসজিদের গলিতে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কড়াইল বস্তি সংলগ্ন জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম খালেদা জিয়ার আরোগ্য ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন।
দ্বিতীয় দিনের হেলথ ক্যাম্পেও মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি ও হৃদরোগসহ সব বিভাগের চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন। দুই দিনে সর্দি-কাশি, জ্বর এবং অগ্নিকাণ্ডে আহতসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ১ হাজার ৬০০-এর বেশি মানুষ চিকিৎসাসেবা নেন।
ক্যাম্প পরিচালনায় অংশ নেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আব্দুল্লাহ, সার্জারি বিশেষজ্ঞ ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. আহমেদ সামি আল হাসান, প্লাস্টিক সার্জন ডা. শরিফ, কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিমসহ আরও অনেক চিকিৎসক।
এ ছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ফিজিওথেরাপিস্ট তানভীর ও মহসিন, এমট্যাবের নিয়াজ-রাফসানসহ চিকিৎসা-সংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দুই দিনব্যাপী ক্যাম্প পরিচালনায় অংশ নেন।



