tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকককরোচ পার্টির প্রধান অভিজিৎ দিল্লি বিমানবন্দর থেকে আটক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দিল্লি বিমানবন্দর থেকে আটক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) থেকে তাঁকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে রাজধানীতে পৌঁছেছিলেন তাঁরা।

দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হতে হলেও তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে সরকার।

দিল্লিজুড়ে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন সিজেপির এই নেতা। তাঁর অভিযোগ, সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার তরুণ ও সাধারণ নাগরিকদের ভয় পাচ্ছে ক্ষমতাসীনরা।

বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে দিল্লির বিভিন্ন সড়কে কঠোর ট্রাফিক বিধিনিষেধ কার্যকর করা হয়। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচলের পথ পরিবর্তনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিভিন্ন মোড় ও সড়কে ব্যারিকেড বসিয়ে যানবাহন তল্লাশি এবং মানুষের চলাচল পর্যবেক্ষণ করছেন নিরাপত্তাকর্মীরা।

এ ছাড়া নিরাপত্তার অংশ হিসেবে মেট্রোরেল চলাচলে বিধিনিষেধ, একাধিক ট্রেন বাতিল এবং রাজধানীর কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তও কার্যকর রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া