ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) আল-ওয়াহি শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে দুই প্রবাসী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ওমান নিউজ এজেন্সি আরও জানিয়েছে, সোহার প্রদেশে একই দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি ঘটনাই তদন্তাধীন বলে জানিয়েছে ওমান কর্তৃপক্ষ।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ধ্বংস করে।
এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা।



