২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও অনলাইনে দেখার নিয়মাবলি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। পরে নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।



