প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, এতে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে।
এ সময় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণীতব্য নীতিমালা নিয়ে চলমান কার্যক্রমের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সম্পাদকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।



