দেশজুড়ে চলমান গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের জন্য ঘোষিত দিনব্যাপী সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (২৭ জুলাই) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থে আপাতত ৩০ জুলাইয়ের কর্মসূচি স্থগিত করা হলেও কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।
এর আগে ২১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি, স্বয়ংক্রিয় কমিশন সমন্বয়সহ চার দফা দাবি তুলে ধরে।
সংগঠনের নেতাদের দাবি, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকাতেই স্থির রয়েছে। কিন্তু গত প্রায় ১১ বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম, মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, ব্যাংক গ্যারান্টি কমিশন, ঋণের সুদ, ডলারের বিনিময় হার এবং স্টেশন পরিচালনার অন্যান্য ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে দেশের অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন লোকসানে পরিচালিত হচ্ছে বলে তারা দাবি করেন।
সংগঠনের চার দফা দাবি হলো:
- প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ।
- ভবিষ্যতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা।
- গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল।
- সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।



