tanaka
প্রচ্ছদসারাদেশএলপিজির আকাশছোঁয়া দাম, চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ

এলপিজির আকাশছোঁয়া দাম, চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ

 

এলপিজি গ্যাসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন ও বিক্রি চলছে। বারবার গ্যাসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষকে এখন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা দিয়ে একটি সিলিন্ডার কিনতে হচ্ছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের অর্থনীতি ক্রমেই নিম্নমুখী হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাদের দুর্ভোগ কমানোর কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের আমলের মতোই দেশ পরিচালিত হচ্ছে। বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপির রাজনীতির কারণে মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, চাকরিতে নিয়োগ থেকে শুরু করে সারের ডিলার নিয়োগ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। এর ফলে চাঁদাবাজি ও স্বৈরাচারী প্রবণতা একাকার হয়ে গেছে।

বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে।

শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম, এনসিপি নেত্রী শামসুন নাহার, ইমরান আল নাজির এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মুর্শেদসহ অন্য নেতারা।