তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, এইউএসটি এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেমন—
‘কোটা প্রথা বাতিল কর’, ‘মেধা দিয়ে দেশ গড়’, ‘২৪-এ এত লাশ, এখন কেন কোটা চাস’, ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘ডিপ্লোমেরা ভুয়া’, ‘কোটা না মেধা, মেধা মেধা’।
এদিকে, আন্দোলন ঘিরে শাহবাগ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পিজি হাসপাতালের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে।
সড়ক অবরোধের কারণে শাহবাগ থেকে রমনা, টিএসসি, নীলক্ষেত ও কাওরান বাজার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে জরুরি সেবার গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য পথ করে দেওয়া হয়েছে।
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার নিষিদ্ধ করা,
- ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া,
- দশম গ্রেডের চাকরিতে শুধুমাত্র স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলীদের প্রবেশাধিকার নিশ্চিত করা।
উল্লেখ্য, এই দাবিগুলো আদায়ে গতকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যার পর সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে রাত ৮টায় তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন।



