প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও সংলাপ শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক সংসদ সদস্য। দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) কাছ থেকে ব্রিফিং পাওয়ার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান। খবর আল আরাবিয়ার।
সাংবাদিকদের ইউন কুন-ইয়ং বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীর্ষ সম্মেলনের বিষয়ে মূল্যায়ন করা হয়েছে যে, ‘যে কোনো সময় আলোচনা সম্ভব’।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়ার পরিসর বড় মাত্রায় কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিম জং উন তিনবার বৈঠকে বসেছিলেন। তবে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা আর এগোয়নি।
ইউন কুন-ইয়ং আরও জানান, দক্ষিণ কোরিয়ার এনআইএসের মূল্যায়ন অনুযায়ী, কিম জং উনের কন্যা জু আয়েকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
তিনি বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে জু আয়েকে নিয়মিতভাবে সামনে আনার বিষয়টি তাঁকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ বলে মনে করছে গোয়েন্দা সংস্থা।
এদিকে ইউক্রেনে পিয়ংইয়ং নতুন করে অতিরিক্ত সেনা পাঠাতে পারে—এমন সম্ভাবনাকে বর্তমানে ‘খুবই কম’ বলে মনে করছে এনআইএস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দাবি করেছিলেন, রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৫০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে। তবে কিম জং উনের বোন কিম ইয়ো জং সেই দাবি অস্বীকার করেছেন।
এনআইএসের কাছ থেকে ব্রিফিং পাওয়া আরেক আইনপ্রণেতা ইউ ইয়ং-হা জানান, গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রের নকশা এবং দেশটির ক্ষমতাসীন দলের একটি অভ্যন্তরীণ নথিও সংগ্রহ করেছে। তবে এসব বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।



