ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, খোররামশাহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর এলাকার দিকে এই হামলা চালানো হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, একই সময়ে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির প্রায় ২০টি লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা মেরনেও আঘাত হেনেছে। এছাড়া ইরান-ইরাক সীমান্তবর্তী কাসর-ই শিরিন এলাকায় একটি ইসরায়েলি হারমিস ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় আইআরজিসি, বাসিজ বাহিনী এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন নিরাপত্তা ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানের আজাদি স্টেডিয়ামের ভেতরের একটি বড় স্পোর্টস হল হামলায় ধ্বংস হয়ে গেছে। এছাড়া দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে কিছু পানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের শহীদ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে কুয়েতে একটি মার্কিন কমান্ড সেন্টারে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে পেন্টাগন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: শাফাক নিউজ।



