ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে হুমকি দিলে সংশ্লিষ্টদের জীবন ঝুঁকিতে পড়বে। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরা।
নেতানিয়াহু বলেন, “আমাদের শত্রুদের স্পষ্টভাবে জানাতে চাই, কোনো সন্ত্রাসীর দায়মুক্তি নেই। যারা ইসরায়েলকে হুমকি দেবে, তারা নিজেদের জীবনই ঝুঁকিতে ফেলবে।”
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার আহমদ বালুত নিহত হওয়ার পর এ মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, “সে হয়তো ভেবেছিল বৈরুতে তার দায়মুক্তি আছে। কিন্তু এখন আর তা নেই।”
ইসরায়েলি প্রধানমন্ত্রীর অভিযোগ, আহমদ বালুত বৈরুতে গোপন ঘাঁটি থেকে ইসরায়েলি বাহিনী ও বসতিগুলোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ও পরিচালনা করছিলেন।
এদিকে, নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ক্ষেত্রে বেসামরিক কেউ হতাহত হচ্ছে না বলে দাবি করেন তিনি।



