tanaka
প্রচ্ছদজাতীয়পাসপোর্টে নয়, বন্দি হিসেবেই হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার

পাসপোর্টে নয়, বন্দি হিসেবেই হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্টের মাধ্যমে নয়, বরং বন্দি হিসেবে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত পেতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করার কথা জানিয়েছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। তাদের মতে, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা কথিত আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। বরং ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে চায় বাংলাদেশ।

সম্প্রতি ভারতে অবস্থান করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।

তবে ওই চিঠির সত্যতা, আবেদনকারীর অনুমোদন এবং এর আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র পাওয়া যায়নি। ফলে এটিকে তার আনুষ্ঠানিক আবেদন হিসেবে বিবেচনা করার সুযোগ নিয়েও সংশয় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পাসপোর্টের আবেদন করে দেশে ফেরার নাটক করার সুযোগ নেই। শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত সরকারের উচিত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনি শুনেছেন। তবে আবেদনের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি আছে কি না এবং আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব বিষয় পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারেই তাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে হবে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে তাকে সাজা ভোগ করতে হবে।

আবেদন নিয়ে প্রশ্ন, আনুষ্ঠানিকতা নিয়ে সংশয়

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ইমেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। ফলে সেটি আদৌ তার পক্ষে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন। নয়াদিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ইমেইল পাঠানো হয়েছে। সেখানে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হলেও তার অনুমোদনের কোনো প্রমাণ সংযুক্ত ছিল না।

সুজাউদ্দৌলা বলেন, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেছেন—এমন তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কিছু গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

পাসপোর্ট আবেদনের নিয়ম তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের পর পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। কিন্তু রয়টার্স ও এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কথা উল্লেখ নেই। সে কারণে ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইলকে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন না বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা কখনো দেশে ফিরবেন না। পাসপোর্ট ও এনআইডির আবেদন করে তিনি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রসিকিউশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। কেন শেখ হাসিনা পাসপোর্ট পাবেন না এবং সরকার চাইলেও কেন তাকে পাসপোর্ট ফিরিয়ে দিতে পারবে না, তা ব্যাখ্যা করা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও আবেদনটিকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, পলাতক ও দণ্ডিত আসামিকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার নজির নেই। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে অপরাধী হিসেবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশ সরকার কূটনৈতিক রীতিনীতি মেনে তাকে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছে। এখন ভারত সরকারের দায়িত্ব সেই অনুরোধের বিষয়ে পদক্ষেপ নেওয়া।

‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’

শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি আবার দেশে ফিরতে চান, বিদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকেও সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

রিজভী প্রশ্ন তুলে বলেন, আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিকের স্বজনরা কি শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন? এত মানুষের রক্তের দাগ মানুষ ভুলে যায়নি।

তিনি আরও বলেন, মানুষ ভুল করলে পরে ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারির পর নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার মধ্যে অনুশোচনা নেই। দেশে ফিরে আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

আইনি প্রক্রিয়ায় ফেরানোর দাবি জামায়াতের

শেখ হাসিনাকে স্বেচ্ছায় দেশে ফেরার সম্ভাবনা কম উল্লেখ করে আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার দলের পক্ষ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভারতে অবস্থান করে নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপ দেশে ফেরার প্রকৃত উদ্যোগ নয়। এর মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া, আওয়ামী লীগে নিজের নেতৃত্ব ধরে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার পাশাপাশি প্রয়োজনে আন্তর্জাতিক আইনি সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তা নেওয়া যেতে পারে। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে।

‘ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই’

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার বিকেলে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি বলেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চাওয়ার অর্থ হলো, শেখ হাসিনা মনে করছেন দেশে এসে বিচার মোকাবিলা করার পরিস্থিতি রয়েছে। কিন্তু তিনি একজন দণ্ডিত অপরাধী।

আসিফ নজরুলের মতে, প্রত্যর্পণের অনুরোধ জানানো একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের জন্য ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জোরালো করার সুযোগ তৈরি করেছে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত রয়েছে বলেই তিনি ফিরতে চাইছেন—এমন যুক্তি তুলে ধরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাকে ফেরত না দেওয়ার সুযোগও কমে আসতে পারে।

সাবেক এই উপদেষ্টা লেখেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না—এটি সবাই বোঝে। শুধু শুধু এমন উদ্যোগের মাধ্যমে দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়ানো হচ্ছে।

অন্যদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে শেখ হাসিনাকে উদ্দেশ করে লিখেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

আওয়ামী লীগ বলছে, ফিরবেন শেখ হাসিনা

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেছেন, দলের নেত্রী বাংলাদেশের মাটিতে মানুষের কাছে ফিরবেন। এ জন্য যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই পাসপোর্ট ও এনআইডি চাওয়া হয়েছে।

তার দাবি, পাসপোর্ট ও এনআইডি পাওয়া একজন নাগরিক হিসেবে শেখ হাসিনার মৌলিক অধিকার। পাসপোর্ট না পেলেও তিনি দেশে ফিরবেন কি না—এমন প্রশ্নে নাছিম বলেন, নেত্রী বারবারই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। উপযুক্ত সময়ে তিনি ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানাবেন।

জটিল কূটনৈতিক ও আইনি সমীকরণ

বিশ্লেষকদের মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক আইন, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক, বিচারিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট ভারবাল পাঠিয়ে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়। তবে ভারত ওই অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেয়নি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছিল, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছেন, সরকার সম্পূর্ণ আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভারত হস্তান্তর করলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে বিচারের আওতায় আনা হবে।

ভারত শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিবেচনা করছে এবং তিনি সেখানে বন্দি নন—এমন বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত একজন অপরাধী। বাংলাদেশের আদালতে প্রকাশ্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তার সাজা হয়েছে।

প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

ভারত ও বাংলাদেশের মধ্যে পলাতক অপরাধী প্রত্যর্পণের আইনি ভিত্তি হলো বাংলাদেশের ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ এবং ২০১৩ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরে ২০১৬ সালে তা সংশোধন করা হয়।

১৯৭৪ সালের আইনের ৪ ধারা অনুযায়ী, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো বিদেশি রাষ্ট্রকে এ আইনের আওতাভুক্ত করতে পারে। ১৫ ধারা অনুযায়ী, বিদেশে পলাতক কোনো অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে আবেদন করতে পারে।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, যেসব অপরাধের সাজা কমপক্ষে এক বছর বা তার বেশি, সেসব ক্ষেত্রে প্রত্যর্পণের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ না করার বিধান রয়েছে। অন্যদিকে হত্যা, অপহরণ ও নাশকতার মতো গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না।

চুক্তিতে আরও বলা হয়েছে, কোনো রাষ্ট্র নিজের দেশের নাগরিককে অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে বাধ্য নয়। এ ছাড়া ন্যায়বিচারের স্বার্থ, অভিযোগের গুরুত্ব কিংবা প্রমাণের ঘাটতির মতো বিষয় বিবেচনায় প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।

সব মিলিয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার কথিত আবেদন ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও সরকারের অবস্থান স্পষ্ট—সাধারণ পাসপোর্টের মাধ্যমে নয়, বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে চায় বাংলাদেশ। তবে এ প্রক্রিয়া বাস্তবায়নে ভারতের সিদ্ধান্ত, আইনি ব্যাখ্যা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।