ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে একদিনে আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজার জায়তুন এলাকার আল-ফালাহ স্কুলে ইসরায়েল দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। স্কুলটি কয়েকশ বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। একইসঙ্গে ওই এলাকায় স্থল অভিযান সম্প্রসারণের পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চালানো হচ্ছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে গেলে আরেক দফা হামলায় অনেকে গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন পরে মারা যান।
আল জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, আল-আহলি আরব হাসপাতালে অন্তত ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া দারাজ এলাকার এক বাড়িতে হামলায় সাতজন নিহত এবং দক্ষিণ-পূর্ব জায়তুন এলাকায় এক শিশুর মৃত্যু হয়। সর্বশেষ নিহতদের মধ্যে অন্তত ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা।
ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বুধবার গাজা সিটিতে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এর আগে চিকিৎসা সেবাদানকারী সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ) একই ঘোষণা দিয়েছিল।
আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরিস্থিতি অনুকূল হলে আমরা গাজা সিটির বেসামরিক জনগণকে সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আমাদের দেইর আল-বালাহ ও রাফাহ অফিস কার্যকর রয়েছে।’



