গাজায় ইসরাইলের গণহত্যা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। তার এই মন্তব্য নিয়ে ভারতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। সম্প্রতি এক্সের এক পোস্টে ইসরাইলকে গণহত্যাকারী হিসেবে বলে মন্তব্য করেছেন তিনি। তার ওই পোস্ট নিয়েই শুরু হয়েছে বাকযুদ্ধ। এছাড়া ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতও প্রিয়াংকার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।
এক্সের পোস্টে প্রিয়াংকা বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। দেশটি এ পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের মধ্যে ১৮ হাজার ৪৩০ জনই শিশু। এক্সে প্রিয়াংকা বলেন, ইসরাইলের সৃষ্ট অনাহারে শত শত শিশু নিহত হয়েছে। এছাড়া দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এমন নারকীয় কর্মকাণ্ডে নিশ্চুপ থাকায় কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন প্রিয়াংকা। বলেন, এসব অপরাধের বিষয়ে চুপ থাকাও অপরাধ। ইসরাইল যখন ফিলিস্তিনি জনগণের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন ভারত সরকার নীরব, এটা অবশ্যই লজ্জার।
প্রিয়াংকার এই মন্তব্যে ভারতের রাজনীতিতে ঝড় তুলেছে। চুপ থাকেননি ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রিউভেন আজার। এক্সে পাল্টা পোস্ট করে লিখেছেন, তার (প্রিয়াংকা) হামাসের পরিসংখ্যান কেনা উচিত নয়। প্রিয়াংকা গান্ধীকে লক্ষ্য করে তিনি আরও লেখেন, আপনার ছলনা অবশ্যই লজ্জার। ইসরাইল ২৫ হাজার হামাস সন্ত্রাসী হত্যা করেছে। হামাস বেসামরিক নাগরিকদের আড়ালে লুকিয়ে থাকে বলে দাবি করেছেন ইসরাইলি ওই রাষ্ট্রদূত। তিনি বলেন, এটা জঘন্য কৌশল। হামাসের রকেট হামলার ফলে মানুষের জীবনের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে। ইসরাইলি রাষ্ট্রদূত লেখেন, গত ৫০ বছরে গাজায় ৪৫০ শতাংশ মানুষ বৃদ্ধি হয়েছে। সেখানে কোনো গণহত্যা ছিলনা। সুতরাং হামাসের পরিসংখ্যান ক্রয় করা উচিত নয়।
কংগ্রেস ফিলিস্তিন ইস্যুতে সতর্ক অবস্থানে থাকলেও বিজেপি সরকারের নিরবতা নিয়ে বেশ কৌশলী মন্তব্য করেছেন প্রিয়াংকা। তিনি ইসরাইলি হামলাকে বর্বর এবং গণহত্যা বলে অভিহিত করেছেন। এখানে বলে রাখা ভালো যে, ভারতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক বেশ স্বাভাবিক। এর মধ্যে ভারতের বিরোধী দলের পক্ষ থেকে এমন বিস্ফোরক মন্তব্য চাঞ্চল্যকরই বটে। বিজেপি সরকার ইসরাইলকে কেন যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছেনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রিয়াংকা। এর আগে গত ডিসেম্বরে ফিলিস্তিন লেখা একটি ব্যাগ নিয়ে সংসদে হাজির হন কংগ্রেসের এই নেত্রী। ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে সমর্থন নেয়ায় তখনও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সে সময় প্রিয়াংকার বিরুদ্ধে জনতুষ্টিমূলক রাজনীতির অভিযোগ আনে বিজেপির সাংসদরা।



