মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে নিজেদের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটি নাগরিকদের ইরান, লেবানন এবং ইরাক সফর থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি এসব দেশে অবস্থানরত আমিরাতের নাগরিকদের দ্রুত নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন বিবেচনায় নিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিকে একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলা এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান থেকে হামলার আশঙ্কা এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত অঞ্চলজুড়ে কূটনৈতিক সম্পর্ক ও জোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।



