ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ফেডারেল প্ল্যাটফর্ম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইরান-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন ট্রাম্প।
ইরান ‘অনেক বাজেভাবে ব্যর্থ হচ্ছে’ দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। চলমান সংঘাতের বিষয়ে তিনি বলেন, ‘এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে।’
ট্রাম্প আরও বলেন, ‘তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং তেলের দামও আবার দ্রুত কমে যাবে—যেমনটা ছিল, তার আগে আমাকে ইরানের ইসলামি প্রজাতন্ত্রে ওই ছোট্ট অভিযানে যেতে হয়েছিল।’
ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা।



