tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে হামলা চালাতে ২৪ ঘণ্টায় যে অর্থ ব্যয় হলো যুক্তরাষ্ট্রের

ইরানে হামলা চালাতে ২৪ ঘণ্টায় যে অর্থ ব্যয় হলো যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই ব্যয় হয়েছে আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার। এই বিপুল অঙ্ক ২০২৬ অর্থবছরের সম্ভাব্য মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১ শতাংশের সমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া অভিযানে বি-২ স্টিলথ বোম্বার, এফ-৩৫ ও এফ-২২ ফাইটার জেট, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং টমাহক ক্রুজ মিসাইলের ব্যাপক ব্যবহারের ফলে ব্যয় এতটা বেড়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে চারটি বি-২ স্টিলথ বোম্বার টানা উড়ে ইরানে হামলা চালায়। এসব বোম্বারের উড্ডয়ন ঘণ্টা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবহৃত ২,০০০ পাউন্ডের জেডিএএম বোমার খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ৩০.২ মিলিয়ন ডলার।

এ ছাড়া এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬সহ বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধবিমানের একাধিক দফা হামলা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে আরও প্রায় ২৭১.৩৪ মিলিয়ন ডলার। অভিযানে ইএ-১৮জি গ্রাউলার, এমকিউ-৯ রিপার ড্রোন এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার ব্যবহারের পাশাপাশি স্থলভিত্তিক হাইমার্স ব্যাটারি মোতায়েন করা হয়। সব মিলিয়ে আকাশ ও স্থলভিত্তিক সামরিক সম্পদের ব্যয় দাঁড়ায় প্রায় ৪২৩.৫৭ মিলিয়ন ডলার।

সমুদ্রে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই দুটি বিমানবাহী রণতরীর দৈনিক পরিচালনা ব্যয় ছিল আনুমানিক ১৫ মিলিয়ন ডলার।

এ ছাড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন নৌবাহিনী প্রায় ২০০টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪০.৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এক দিনের এই অভিযানের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭৭৯.১৭৪ মিলিয়ন ডলার।

সূত্র: আনাদোলু এজেন্সি।