ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত-এ অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে নিয়মিত ও জরুরি—সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত সপ্তাহান্তে বেশ কয়েকটি বড় ধরনের সামরিক ঘটনা ও প্রাণহানির খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের একটি হামলায় অন্তত চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এর পর সোমবার (৩ মার্চ) কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’—অর্থাৎ নিজেদের ভুলবশত পরিচালিত হামলার ফল—হিসেবে উল্লেখ করেছে।
নিরাপত্তা ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত সামরিক ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে কুয়েতে কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
সূত্র: Al Jazeera।



