ইরানে চলমান সামরিক হামলার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। মঙ্গলবার (৩ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে তার ইসরাইলি প্রতিপক্ষ গিডিয়ন সার-কে বেইজিংয়ের অবস্থান জানিয়ে বলেন, ইরানের ওপর সামরিক হামলার বিরোধী চীন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ফোনালাপে ওয়াং ই বলেন, বেইজিং সবসময় সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে। তিনি জোর দিয়ে বলেন, শক্তি প্রয়োগ কখনোই সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না; বরং তা নতুন সংকট ও অস্থিতিশীলতা তৈরি করে।
তেহরানের ঘনিষ্ঠ সহযোগী বেইজিং ইতোমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। তবে সিনহুয়া জানায়, গিডিয়ন সারের সঙ্গে আলাপকালে ওয়াং সরাসরি কঠোর ভাষায় নিন্দা না জানালেও উত্তেজনা প্রশমনে আলোচনা ও পরামর্শের পথ খোলা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ওয়াং ই আরও বলেন, সাম্প্রতিক ইরান–মার্কিন আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হচ্ছিল, কিন্তু সামরিক সংঘাতের কারণে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
মার্কিন-ইসরাইলি সামরিক অভিযানের বিরোধিতা করে তিনি পুনর্ব্যক্ত করেন, আঞ্চলিক পরিস্থিতি যাতে আরও জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা প্রয়োজন।
সূত্র: আল জাজিরা।



