মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, তেহরান আলোচনায় ফেরার আগে বেশ কিছু অতিরিক্ত শর্ত আরোপ করেছিল। এসব শর্তকে অগ্রহণযোগ্য বিবেচনা করেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এনবিসি নিউজকে জানিয়েছেন, আলোচনার টেবিলে ফেরার আগে ইরান মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং দেশটির ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো অতিরিক্ত ছাড় দাবি করেছিল। ওয়াশিংটনের আশঙ্কা, তেহরান এসব প্রতিশ্রুতি পরবর্তীতে রক্ষা নাও করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের প্রস্তাব নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন। তাঁর দাবি, ইরান যুদ্ধের পরিস্থিতিতে ব্যাপক চাপের মুখে পড়েছে বলেই চুক্তির উদ্যোগ নিয়েছে। তবে তেহরান যে ধরনের চুক্তি চাচ্ছে, সেটি তাঁর কাঙ্ক্ষিত চুক্তি নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প।
অন্যদিকে, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেন। এতে ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা, দেশটির তেল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়।
মার্কিন পক্ষ প্রস্তাবটিকে অতিরিক্ত শর্তযুক্ত বলে প্রত্যাখ্যান করার পর পাল্টা প্রতিক্রিয়া জানান আরাগচি। তিনি মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে পুরোনো ও ভিত্তিহীন অভিযোগ তোলার পাল্টা অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরান প্রস্তুত রয়েছে। তিনি এটিকে ইরানের ন্যায্য অধিকার বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে গত দুই বছরে মার্কিন প্রশাসনের আচরণে হতাশা প্রকাশ করে কূটনৈতিক সমাধানের ভবিষ্যৎ নিয়েও সংশয় জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও পূর্ণমাত্রায় বিমান হামলার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। তবে একই সময়ে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার আলোচনা শুরু হতে পারে।
অ্যাক্সিওস সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা সোমবার থেকেই শুরু হতে পারে।
সূত্র: এনডিটিভি



