tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে তেল বিক্রিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

ইরানকে তেল বিক্রিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির কার্যক্রম চালানো যাবে।

সোমবার (২২ জুন) দেওয়া এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, সুইজারল্যান্ডে চলমান আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, আলোচনায় হওয়া সমঝোতার অংশ হিসেবেই ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করেছে।

এদিকে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। দুই দেশের আলোচনায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ-চলাচল স্বাভাবিক করা এবং ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক তদারকি জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

তবে এই ৬০ দিনের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা