ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের জনগণ এমন কোনো চাপ বা পদক্ষেপ কখনোই মেনে নেবে না। বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান আরও জানান, তেহরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না; বরং সবসময় গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে।
তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন—চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।
তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।



