ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় ৩১ জন বন্দির মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ২৭ জন শ্বাসরোধে মারা গেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এল ওরো প্রদেশের মাচালা শহরের কারাগার থেকে রোববার বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দাঙ্গার সময় সশস্ত্র সংঘর্ষে আরও চার বন্দি নিহত হন এবং কয়েক ডজন আহত হন। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের সঠিক মৃত্যুর কারণ নির্ধারণে কাজ করছেন।
মাচালা কারাগারে এই সহিংসতা ইকুয়েডরের কারাগারগুলোতে চলমান অস্থিরতার সাম্প্রতিকতম উদাহরণ। দেশটির জেলগুলো দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাত ৩টার দিকে কারাগারের ভেতর থেকে গুলির শব্দ, বিস্ফোরণ ও সাহায্যের জন্য চিৎকার শুনতে পান। পরে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইকুয়েডরের কারা প্রশাসন জানায়, দাঙ্গায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া এটি প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষ ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।
এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে একই কারাগারে আরেকটি সংঘর্ষে ১৩ বন্দি ও একজন কারা কর্মকর্তা নিহত হয়েছিলেন।



