ইউক্রেনের রাজধানী কিয়েভে মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন এবং বহু ভবনে আগুন ধরে যায়। মন্ত্রিসভা ভবনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, তবে ভবনটি সরাসরি হামলার শিকার হয়েছে কিনা, নাকি ধ্বংসাবশেষের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
যদি এটি সরাসরি হামলা হয়ে থাকে, তাহলে এটি রাশিয়ার আকাশপথে হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তন ও উত্তেজনার ইঙ্গিত দেয়। এর আগে কিয়েভের কেন্দ্রীয় সরকারি ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে রাশিয়া বিরত ছিল।
মন্ত্রিসভা ভবনটি ইউক্রেন সরকারের কেন্দ্রস্থল, যেখানে বিভিন্ন মন্ত্রীর দপ্তর অবস্থিত। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, “প্রথমবারের মতো কোনো সরকারি ভবন শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ছাদ ও উপরের তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভবন পুনর্গঠন করব, কিন্তু হারানো প্রাণ আর ফিরে আসবে না।”
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই রাতব্যাপী হামলায় রাশিয়া প্রায় ৮০৫টি ড্রোন ও বিভ্রান্তিকর ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করেছে। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত অ্যাসোসিয়েটেড প্রেস-কে জানান, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।



