tanaka
প্রচ্ছদসারাদেশফরিদপুরে পাগলা ঘোড়ার তাণ্ডব, নারীসহ আহত ১০

ফরিদপুরে পাগলা ঘোড়ার তাণ্ডব, নারীসহ আহত ১০

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার আক্রমণে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌর সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় ঘোড়ার কামড়ে কয়েকজন আহত হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে গত দুই দিনেও পৌরসভার বিভিন্ন এলাকায় ঘোড়ার কামড়ে ও লাথিতে আরও অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)।

বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নিজাম উদ্দিন খান জানান, ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে, তাকেই আক্রমণ করছে। তিনি ধারণা করছেন, কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়াটি এমন আচরণ করতে পারে।

মারাত্মকভাবে আহত গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ জানান, সকালে হাঁটার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। চৌরাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে তাকে আক্রমণ করে এবং কোমরে কামড় দেয়।

ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।