আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।
বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান জটিলতাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। যেকোনো সমস্যা সমাধানে উভয় দেশের সরকার কাজ করবে বলেও জানান তিনি।
যুবসমাজের ভূমিকা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিটি স্তরে তরুণদের নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। দেশের উন্নয়নে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। বর্তমান প্রধানমন্ত্রী যুবসমাজের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে তরুণদের সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাপী যুবসমাজকে একটি দেশের অন্যতম বড় শক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ঘরে বসেই যাতে যুবক ও নারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।



