আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির দল লা লিবারতাদ আভাঞ্জা দেশটির সংসদ নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, এই জয় মাইলির অর্থনৈতিক সংস্কার ও কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপগুলোকে আরও গতি দেবে বলে বিশ্লেষকদের ধারণা।
রোববার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের এক–তৃতীয়াংশ এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির অর্ধেক আসনে ভোট হয়। ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, মাইলির নেতৃত্বাধীন দল লা লিবারতাদ আভাঞ্জা (এলএলএ) পেয়েছে ৪০ দশমিক ৮৪ শতাংশ ভোট। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য–বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ ভোট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের ২৪টি আসন এবং চেম্বার অব ডেপুটির ১২৭টি আসনে এই ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাইলির দল সিনেটের ১৩টি এবং চেম্বার অব ডেপুটির ৬৪টি আসনে জয় লাভ করেছে।
এই মধ্যবর্তী নির্বাচনে এলএলএর সাফল্য প্রেসিডেন্ট মাইলির অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তবে এখনো কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি তিনি। তাই আইন পাসের জন্য তাঁকে মধ্য–ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গড়তে হতে পারে।
নির্বাচনে জয়ের খবর প্রকাশের পরই এলএলএর সমর্থকেরা রাজধানীতে আনন্দ উৎসব পালন করেন। শত শত সমর্থক উল্লাসে ফেটে পড়েন, স্লোগান দেন, একে অপরকে জড়িয়ে ধরেন— এমনকি কেউ কেউ খুশিতে অশ্রুসিক্তও হন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদোরনি লিখেছেন, “আর্জেন্টিনার মঙ্গল হোক।”
দুই বছর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাভিয়ের মাইলি। নির্বাচনী প্রচারে তিনি আর্জেন্টিনার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই মধ্যবর্তী নির্বাচন ছিল তাঁর প্রশাসনের জন্য জাতীয় পর্যায়ের প্রথম বড় পরীক্ষা।



