বলিউডে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। পুরোনো এক টক শোর ক্লিপ ঘিরে আলোচনায় এসেছেন হৃতিক রোশন। জনপ্রিয় অনুষ্ঠান কফি উইথ করণ-এ আমির খান ও সালমান খানের উচ্চতা নিয়ে তার রসিক মন্তব্য আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ হৃতিকের রসবোধে মুগ্ধ হলেও, অনেকে এটিকে কটাক্ষ আখ্যা দিয়ে সমালোচনা করছেন।
জানা গেছে, ২০০৪ সালে শুরু হওয়া শোর দ্বিতীয় সিজনে হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়া অতিথি ছিলেন। সেই পর্বের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়, যেখানে হৃতিক দুই সুপারস্টারের উচ্চতা নিয়ে মন্তব্য করেন।
র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর প্রশ্ন করেন, ‘আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী?’ জবাবে হৃতিক বলেন, ‘দুজনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।’
এই অপ্রত্যাশিত উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া হাসিতে ফেটে পড়েন, করণও মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যান। যদিও তখন বিষয়টি হালকা রসিকতা হিসেবেই ধরা হয়েছিল, বর্তমানে সামাজিক মাধ্যমে এটি নিয়ে চলছে তীব্র বিতর্ক।
অনেকের মতে, হৃতিকের এ মন্তব্য দুই শীর্ষ নায়কের প্রতি ব্যক্তিগত আক্রমণ। জনপ্রিয় মঞ্চে এমন মন্তব্য কতটা শোভনীয়—সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।



