tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

সংযুক্ত আরব আমিরাতে ৬৬ কোটি টাকার (২০ মিলিয়ন দিরহাম) লটারি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। গত ৩ অক্টোবর (শুক্রবার) আবুধাবির বিগ টিকিট র‍্যাফেলের সেপ্টেম্বর মাসের ড্র-তে এ ঘোষণা দেওয়া হয়।

ভাগ্যবান এই বিজয়ীর নাম হারুন সরদার নূর নবি সরদার। ৪৪ বছর বয়সী হারুন বর্তমানে শারজাহ শহরে ট্যাক্সিচালক হিসেবে কাজ করছেন। তিনি গত ১৪ সেপ্টেম্বর বিজয়ী টিকিটটি কিনেছিলেন, যা তিনি আরও ৯ জনের সঙ্গে মিলে সংগ্রহ করেন। তাই পুরস্কারের অর্থ সকলের মাঝে ভাগ করা হবে।

ড্র চলাকালীন বিগ টিকিটের জনপ্রিয় দুই সঞ্চালক রিচার্ড ও বুচরা ফোনে হারুনকে বিজয়ের খবর জানান। জীবনের সবচেয়ে বড় এই পুরস্কার জিতে হারুন শুরুতে বিস্মিত হয়ে কেবল “ওকে, ওকে” বলেই প্রতিক্রিয়া জানান।

হারুন ২০০৯ সাল থেকে আমিরাতে কর্মরত রয়েছেন এবং গত ১৫ বছর ধরে আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে দেখেন। তার পরিবার বাংলাদেশেই অবস্থান করছে। তিনি নিয়মিত বিগ টিকিটের লটারি কিনতেন এবং কখনও আশাহত হননি।

এদিকে, বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর মাসে আরও বড় পুরস্কারের ঘোষণা রয়েছে। আগামী ৩ নভেম্বরের ড্র-তে থাকছে ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড প্রাইজ। এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার।