দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায়ভার সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত সেপ্টেম্বরের শেষে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি ছিল। তবে কোনো ব্যাংককে অধিগ্রহণের পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
আরিফ হোসেন খান আরও জানান, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত নিশ্চিত করতে হবে।
এদিকে, চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ১৯ লাখ ডলার।
তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের একই সময়ে দেশে এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
আরিফ হোসেন খান জানান, শুধু ১৪ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে ২০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।
এ ছাড়া, গত নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।



