বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, “সংবিধান কেন ছুড়ে ফেলবেন? এতে কি কোনও সমাধান আসবে? সংবিধান কি মনে করিয়ে দেয়—একাত্তরের পরাজয়ের দলিল?”
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ে আলোচনায় অংশগ্রহণকালে পার্থ এই মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা আছে প্রক্রিয়ায়। যদি সত্যিই সংবিধান নতুন করে করতে চাইতেন, তাহলে কেন সেই সময় বিপ্লবী বা ট্রানজিশনাল সরকার গঠন করা হয়নি? সাধারণ সরকারে থেকে, পুরোনো সংবিধানই মান্য রেখে সংবিধান বাতিল করার চেষ্টা করা হচ্ছে—এটা সম্ভব নয়। কেউ কথাবার্তা বললেই সেটিকে জুলাইবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটি আমাকে আওয়ামী লীগ সরকারের সময়ের কথাগুলো মনে করিয়ে দেয়। তখন তেলের দাম নিয়ে কথা বললেও বলা হতো—ওরা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। আজও একই আচরণ দেখা যাচ্ছে।”
পার্থ আরও বলেন, “শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। তাই এমন বক্তব্য না দিন যা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে জুলাইয়ে আমাদের কোনো অবদান নেই। ১৭ বছর আমরা সংগ্রাম করেছি, জেলে গিয়েছি। যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও শহীদ হয়েছেন। অবদান কারও কম নয়।”
তিনি ভোট ও সনদ প্রসঙ্গে বলেন, “আপনারা গণভোটে চারটি বিষয় দিয়েছিলেন। কিন্তু যদি ভোটারের একটিও বিষয় নিয়ে অসন্তুষ্ট থাকে, তাহলে সে কী করবে—হ্যাঁ-তে ভোট দেবে নাকি না-তে? ভোটারদের বাধ্য করা ঠিক হয়নি। সনদের বাকি বিষয়গুলো কেন গণভোটে দেয়া হয়নি?”



