আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে—এমন ব্যক্তিদেরই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সমাজে যাদের সুনাম রয়েছে, দল তাদেরই বাছাই করবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য শুক্রবার (১০ এপ্রিল) প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে আবারও ফরম বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, গতকাল, আজ শনিবার এবং আগামীকাল রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম চলবে। ইতোমধ্যে অনেকেই ফরম জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, আবেদনগুলো দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে উপস্থাপন করা হবে। কী প্রক্রিয়ায় চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে, তা শিগগিরই জানানো হবে।
গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপি সাধারণত যেভাবে সংসদ সদস্য নির্বাচন করে, এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে আশা প্রকাশ করেন রিজভী। মনোনয়ন প্রত্যাশীরা নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ জমা দেবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬–১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের গণতান্ত্রিক পরিবেশ কিছুটা ফিরে এসেছে, যার সর্বোচ্চ ব্যবহার করা প্রয়োজন।
রিজভী আরও বলেন, জনগণ এখন দেখতে চায় একটি জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে সরকারি দল, বিরোধী দলসহ সব জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হবেন।
তিনি সংরক্ষিত নারী আসনে নারীদের অবদান ও ত্যাগের কথাও তুলে ধরেন। তার ভাষায়, আন্দোলন-সংগ্রামে নারীরা নানা ধরনের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তবুও তারা সক্রিয় ভূমিকা রেখেছেন।



