tanaka
প্রচ্ছদআদালতআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ

বাংলাদেশে গত বছরের জুলাই–অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতকক্ষে আইনজীবীদের পাশাপাশি জুলাই–অগাস্টে নিহতদের কয়েকজন পরিবারের সদস্যও উপস্থিত ছিলেন।

রায়ে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষ শুনানির সময় বারবার দাবি করে যে, “জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সকল অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা—তিনি ছিলেন পরিকল্পনাকারী, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার।”

এই মামলার অন্যান্য আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে সাবেক আইজিপি মামুনই একমাত্র গ্রেফতার হওয়া আসামি, যিনি পরে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ পরিচালনার জন্য আওয়ামী লীগ সরকারের সময়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত ট্রাইব্যুনালেই জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা (বিবিধ মামলা) দায়ের করা হয়।

গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।