tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেছেন, তদন্তে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য সংগ্রহ করে আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক মায়ের অনুরোধে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ রাখা হয়েছিল। ওই সময়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে।

তিনি বলেন, “তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

মন্ত্রী আরও জানান, তদন্তকারী দল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওয়ার্ডের পরিবেশ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখছে। তদন্ত সম্পন্ন হলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

এর আগে গত বুধবার (২৮ মে) রাতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিল। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। পরে গরম অনুভূত হওয়ায় সেটি পুনরায় চালু করা হয়। এর কিছু সময় পর কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হলেও একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।