tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়আগামী ৫ দিনে কেমন থাকবে দেশের আবহাওয়া

আগামী ৫ দিনে কেমন থাকবে দেশের আবহাওয়া

দেশের ৪৭ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই গরমের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর ফলে ধীরে ধীরে তাপমাত্রাও কমতে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা, বিশেষ করে রংপুর বিভাগের কিছু এলাকা মাঝারি তাপপ্রবাহের আওতায় রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চল এবং চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা বর্তমানে তাপপ্রবাহমুক্ত।

বুধবার (৩ জুন) সন্ধ্যা থেকে দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

৩ জুন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৪ জুন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা

দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৫ জুন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা

আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। এদিন দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

৬ জুনের আবহাওয়া

দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চলমান তাপপ্রবাহ অনেক এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৭ জুনের পূর্বাভাস

দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত আরও বিস্তৃত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফলে দীর্ঘদিনের গরম ও তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে।