ফিন অ্যালেন-এর রেকর্ড গড়া সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো এই বৈশ্বিক আসরের ফাইনালে উঠল ব্ল্যাকক্যাপসরা। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল-এর কাছে হেরে শিরোপা হাতছাড়া করতে হয়েছিল কিউইদের।
বুধবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
দলের জয়ে ওপেনিংয়ে নেমে মাত্র ৩৩ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অ্যালেন। ৩৩ বলেই সেঞ্চুরি করে গড়েন নতুন রেকর্ড। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল, যিনি ‘ইউনিভার্স বস’ নামেও পরিচিত।
কলকাতার ইডেন গার্ডেন্স-এ অনুষ্ঠিত সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মার্কো জানসেন। তাকে ভালোভাবে সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস ও ডিওয়াল্ড ব্রেভিস।
জানসেন ৩০ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৫ রান করেন। ব্রেভিস ২৭ বলে ৩৪ এবং স্টাবস ২৪ বলে ২৯ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে প্রোটিয়ারা।
নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন কোল ম্যাককলিন, ম্যাট হেনরি ও রাচিন রবিন্দ্র।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার টিম সিফার্ট ও অ্যালেন। ৫৫ বলেই উদ্বোধনী জুটিতে আসে ১১৭ রান। সিফার্ট ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে বিদায় নিলেও অপর প্রান্তে অ্যালেন ছিলেন অপ্রতিরোধ্য।
শেষ পর্যন্ত ৩৩ বলে অপরাজিত ১০০ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ফিন অ্যালেন। জয়ের একেবারে আগে ব্যাট করতে নেমে ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রাচিন রবিন্দ্র।



