tanaka
প্রচ্ছদরাজনীতিঅভিযোগের তদন্ত নিয়ে ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ

অভিযোগের তদন্ত নিয়ে ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় নিয়োগ, বদলি ও পদায়নে অর্থ লেনদেন এবং বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগের তদন্ত ও এ নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যের বিষয়ে কথা বলতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ। বিষয়টি এনসিপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মিডিয়া সেলের ভাষ্য, আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেজ থেকে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। ফেসবুক লাইভে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন করে ওঠা অভিযোগগুলো চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করা হবে।

দুদকের দাবি অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং দেশের ৩৬টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প এবং নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও কমিশন নেওয়ার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

অভিযোগের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো ও সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় বাড়ানোর অভিযোগ রয়েছে।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। হেলিকপ্টারে ভ্রমণ করে রাষ্ট্রীয় অর্থ অপচয়, পাঁচ তারকা হোটেলে যাতায়াত, বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস ও গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন আসিফ মাহমুদ। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

ফেসবুক লাইভে আসিফ মাহমুদ এসব অভিযোগ, দুদকের অনুসন্ধান এবং তার বিরুদ্ধে প্রচারিত তথ্যের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানিয়েছে এনসিপির মিডিয়া সেল