বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৮ বারের মতো পেছানো হলো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৯ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
যেভাবে চুরি হয় রিজার্ভের অর্থ
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা একটি চক্রের সহায়তায় ওই অর্থ পাচার করা হয়েছিল।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওই মামলায় অর্থ চুরির ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
এর পরদিন, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত করেন। সেই থেকে মামলাটি তদন্ত করে আসছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বারবার পিছিয়ে যাচ্ছে মামলার কার্যক্রম। সর্বশেষ সোমবারও প্রতিবেদন জমা না পড়ায় নতুন করে ১৯ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।



