যশোরের অভয়নগরে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়, যা পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত বিএনপি নেতা ও ছাত্রদলের দুই নেতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিছিল চলাকালীন মসজিদের ছাদ থেকে উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানার নেতৃত্বে শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
সংঘর্ষ এড়াতে বিএনপি ও ছাত্রদলের নেতারা হামলাকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে সংঘর্ষ বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। হামলার সময় জামায়াত-শিবিরের সঙ্গে স্থানীয় মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও যুক্ত ছিল বলে অভিযোগ।
উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা বলেন, বিএনপি নেতাকর্মীরা প্রথমে আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে এবং পরে দায় চাপানোর চেষ্টা করছে। তিনি জানান, তার হাতের আঙুল ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



